অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান টুরিস্ট পুলিশের

শামসুল আলম রানা

কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে চলমান উচ্ছেদ অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে একটি বিশেষ মহল অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। সম্প্রতি একটি স্থানীয় দৈনিকে টুরিস্ট পুলিশের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে সংস্থাটি।

রবিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে টুরিস্ট পুলিশ জানায়, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ধারাবাহিকভাবে সমুদ্রসৈকতে অবৈধ দখল, চাঁদাবাজি, স্পা সেন্টারের অনিয়ম এবং কটেজ জোনের বিধিবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে যাদের কায়েমি স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, তারাই পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

বিজ্ঞপ্তিতে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়:

সম্প্রতি একটি স্থানীয় দৈনিকে পুলিশের বিরুদ্ধে যে অনৈতিক আর্থিক সম্পৃক্ততার দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা নেই।

যারা এ ধরনের সংবাদ প্রচার করছেন, তাদের দাবির সপক্ষে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে।

অপপ্রচারের মূল লক্ষ্য হলো চলমান আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমকে ব্যাহত করা এবং অপরাধীদের আড়াল করা।

টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন আরও স্পষ্ট করেছে যে, পর্যটকদের নিরাপদ ভ্রমণ এবং কক্সবাজারের পর্যটন পরিবেশ বজায় রাখতে কোনো ধরনের চাপের মুখে তারা নতিস্বীকার করবে না। জনমনে বিভ্রান্তি সৃষ্টির এই অপচেষ্টাকে অগ্রাহ্য করে সামনের দিনগুলোতেও দখলদার ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সৈকতের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষায় সাধারণ মানুষ ও পর্যটকদের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।