জ্বালানি সংকটের শঙ্কা: কাল থেকে শপিংমলে আলোকসজ্জা বন্ধের সিদ্ধান্ত

জ্বালানি সংকটের শঙ্কা: কাল থেকে শপিংমলে আলোকসজ্জা বন্ধের সিদ্ধান্ত  

 অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক তেল সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ থাকার আশঙ্কায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের সম্ভাবনা দেখা দিয়েছে।

এই বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশে জ্বালানি তেল সাশ্রয়ের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে সারা দেশের দোকানপাট ও শপিংমলে আলোকসজ্জা এবং অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

শনিবার সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন জানান, আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণে সৃষ্ট এই আন্তর্জাতিক সংকট মোকাবিলায় আমাদের সাশ্রয়ী হওয়া জরুরি। সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল রোববার থেকে দেশের সমস্ত মার্কেটে সব ধরনের আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখা হবে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে দেশে ইতোমধ্যে জ্বালানি তেল রেশনিংয়ের মাধ্যমে সরবরাহ করার উদ্যোগ নিয়েছে সরকার। তবে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছেন যে, জ্বালানি তেল নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই, কারণ দেশে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে।

জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি বা অবৈধভাবে স্টক করার অপচেষ্টা রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। মন্ত্রী জানিয়েছেন, তেল মজুদ করার যেকোনো প্রচেষ্টা রুখতে রোববার থেকেই দেশজুড়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক এই সংকটকালে সাধারণ মানুষের সচেতনতা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।