বাহরাইনের পানি শোধনাগারে ইরানের ড্রোন হামলা

বাহরাইনের পানি শোধনাগারে ইরানের ড্রোন হামলা

বাহরাইনের একটি গুরুত্বপূর্ণ পানি শোধন কেন্দ্রে ড্রোন হামলা করেছে ইরান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ রবিবার (৮ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এই হামলার ফলে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই হামলায় লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্টের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

বাহরাইনের এই বক্তব্যের পর ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।

এর একদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেন, দক্ষিণ ইরানের কেশম দ্বীপে একটি মিঠা পানি উৎপাদনকারী ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি জানান, এ শোধনাগার থেকে ৩০টি গ্রামে পানি সরবরাহ করা হতো। হামলার পর যা বন্ধ হয়ে গেছে।

এই হামলার ঘটনাকে ‘সুস্পষ্ট অপরাধ’ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইরান এই নজির তৈরি করেনি, যুক্তরাষ্ট্রই করেছে।’

আল জাজিরা বলছে, উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ দেশই তাদের জনগণের পানীয় জলের চাহিদা মেটাতে প্রধানত সমুদ্রের পানি বিশুদ্ধকরণের ওপর নির্ভরশীল।