বোয়ালখালীতে এবার গ্রিল কেটে আওয়ামী লীগ নেতার ঘরে চুরি

বোয়ালখালীতে এবার গ্রিল কেটে আওয়ামী লীগ নেতার ঘরে চুরি

 বোয়ালখালী সংবাদদাতা

চট্টগ্রামের বোয়ালখালীতে জানালার গ্রিল কেটে এক আওয়ামী লীগ নেতার ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এনিয়ে উপজেলায় একের পর এক চুরি ঘটনায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌর সদরের পূর্ব গোমদণ্ডী বহদ্দারপাড়ার আমিন মেম্বার বাড়ির শেখ শহীদুল আলমের ঘরে এ ঘটনা ঘটেছে।

এসময় পরিবারের সদস্যরা নগরীর বাসায় ছিলেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঘরে এসে এ ঘটনা জানতে পারেন। দেখা গেছে জানালার গ্লাস ভাঙা, গ্রিল কাটা এবং ঘরের পেছনের দরজা খোলা।

শহীদুলের বোন শাহীন আক্তার বলেন, চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকেছে। ঘরের মূল্যবান ইলেক্ট্রনিক সামগ্রী ও ফিটিংস সামগ্রী, আলমিরায় রক্ষিত নগদ ২ লাখ টাকা এবং ৩ ভরি স্বর্ণের গয়না নিয়ে গেছে চোরের দল।

তিনি আরও জানান, নতুন ঘরে সম্প্রতি বাথরুম ফিটিংস এবং আধুনিক সরঞ্জাম লাগানোর কাজ চলছিল। চোরের দল বাথরুমের কমোডসহ বিভিন্ন সরঞ্জাম খুলে ফেলেছে।

বোয়ালখালীতে গত দুই মাস ধরে টানা চুরি সংগঠিত হচ্ছে। উপজেলা একাধিক মসজিদ, মন্দির, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, স্কুল, সিএনজি অটোরিকশা, গাড়ির ব্যাটারী এবং বসতঘরে চুরি সংগঠিত হয়েছে। ডাকাতি সংগঠিত হয়েছে ৩টি।

এতে দেখা দিয়েছে জনমনে উদ্বেগ। চুরি পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও চোরের টিকিটিও ধরা যায়নি। থানায় অভিযোগ পর অভিযোগ জমা পরলেও চোরাই মালামাল উদ্ধার এবং অপরাধী শনাক্ত করা যায়নি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিতে আতঙ্ক বিরাজ করছে।

বিষয়টি শুনেছেন জানিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মুঠো ফোনে বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

একেরপর এক চুরির ঘটনায় কার্যকরী পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে তিনি একটি গুরুত্বপূর্ণ সভায় রয়েছেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।