চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে এবং বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) নগরীর দামপাড়া পুলিশ লাইনস্ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। তিনি গত ৩১ অক্টোবর, ২০২৫ তারিখে সরকারি দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ জন পুলিশ সদস্য এবং ১ জন সিভিল গাড়িচালকসহ মোট ১৮ জনের হাতে মোট ২৪ (চব্বিশ) লক্ষ টাকার চেক তুলে দেন।
চেক বিতরণকালে সিএমপি কমিশনার বলেন, “দায়িত্ব পালনের সময় ঝুঁকি নেওয়া পুলিশ সদস্যদের কল্যাণে এ ধরনের আর্থিক সহায়তা অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। এতে তাদের মনোবল বৃদ্ধি পাবে।” এ সময় তিনি এই সহায়তার জন্য বিআরটিএ সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত তিন উপ-পুলিশ কমিশনার—মো. ফেরদৌস আলী চৌধুরী, হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া ও নেছার উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিআরটিএ চট্টগ্রাম অফিসের বিভাগীয় পরিচালক মাসুদ আলমসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ক্ষতিগ্রস্ত সদস্যগণ সেখানে উপস্থিত ছিলেন।