সরকার পতনের স্বপ্ন দেখলে সাবধান হয়ে যান: মির্জা আব্বাস

সরকার পতনের স্বপ্ন দেখলে সাবধান হয়ে যান: মির্জা আব্বাস

 অনলাইন ডেস্ক

সরকার পতনের স্বপ্ন দেখছেন যারা, তাদের সতর্ক হয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা মির্জা আব্বাস। তিনি বলেন, সরকার মাত্র কাজ শুরু করেছে, তাই ধৈর্য ধরে সময় দেওয়া উচিত।
রোববার (৮ মার্চ) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত ইফতার ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “যারা সরকার পতনের স্বপ্ন দেখছেন তারা সাবধান হয়ে যান। ক্ষমতা এত সহজ নয়। যারা আসবেন তারাও টিকতে পারবেন না।”
তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে টিকে থাকা একটি দল। তাই টোকা দিয়ে দলটিকে সরিয়ে দেওয়া সম্ভব নয়।
এ সময় তিনি আরও বলেন, বিএনপি গায়ে পড়ে কোনো ঝামেলা করতে চায় না। তবে কেউ উসকানি দিলে তার জবাব দিতে দল প্রস্তুত রয়েছে।
কোটা আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, অনেকেই চাকরি পাওয়ার আশায় আন্দোলনে যুক্ত হয়েছিল। কিন্তু এখন তারা ক্ষমতার চাকচিক্যে মুগ্ধ হয়ে আবার সরকার গঠনের স্বপ্ন দেখছে, যা বাস্তবসম্মত নয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার অফিস করেছেন—এ নিয়ে যারা সমালোচনা করছেন তাদেরও সতর্ক করেন তিনি। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।