২৪ বছর পর শিবির অধ্যুষিত চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের ইফতার

২৪ বছর পর শিবির অধ্যুষিত চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের ইফতার
 অনলাইন ডেস্ক

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর ছাত্রশিবিরের দুর্গ হিসেবে পরিচিত কলেজ ক্যাম্পাসে ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

আজ রবিবার নগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু হাসনাত জুয়েল এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন শাকিলের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কলেজ শাখা ছাত্রদলের বর্তমান ও সাবেক বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ক্যাম্পাসে ছাত্রদলের এই উপস্থিতিকে একটি বড় অর্জন হিসেবে অভিহিত করেন। তারা বলেন, দীর্ঘ সময় পর ক্যাম্পাসে এই ধরনের আয়োজন নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। আগামী দিনের যেকোনো রাজপথের আন্দোলন ও সংগ্রামে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য জাবেদ খান, কামরুল হাসান, মাছুম বিল্লাহ এবং সায়েদুল ইসলাম।

এছাড়া আবির আহমেদ, মো. সাকিব, হাসেম মো. আবু সাকিব ও মিজানুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই ইফতার মাহফিলে শরিক হন।

সংশ্লিষ্টরা জানান, ছাত্রশিবির অধ্যুষিত হিসেবে পরিচিত এই ক্যাম্পাসে দীর্ঘ ২৪ বছর পর ছাত্রদলের এই প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি সংগঠনের তৃণমূল কর্মীদের মাঝে উদ্দীপনা বাড়াবে। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।