নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ১৬ মার্চ, ২০২৬

কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ‘চট্টগ্রাম নাগরিক ফোরাম’। রোববার (১৫ মার্চ) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপি গ্রহণকালে বিভাগীয় কমিশনার কালুরঘাট সেতু নির্মাণে নাগরিক ফোরামের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। তিনি আশ্বস্ত করেন যে, স্মারকলিপিটি জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেওয়া হবে।
স্মারকলিপি প্রদানকালে বক্তারা বলেন, দক্ষিণ চট্টগ্রাম ও বিশেষ করে বোয়ালখালী ও পটিয়াবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এই সেতুর বিকল্প নেই। প্রকল্পের প্রশাসনিক প্রক্রিয়া শেষে এখন দ্রুত মাঠপর্যায়ে কাজ শুরু করে তা দৃশ্যমান করার দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিন, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম. মনছুর আলম, মিটুল দাশ গুপ্ত, আবু তাহের চৌধুরী, তসলিম খাঁ, মো. আক্তার, মিজানুর রহমান, রেকা চৌধুরী, সামশুল আলম রানা, শ.ম. জিয়াউর রহমান এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।