চট্টগ্রামে শুল্ক ফাঁকি দেওয়া ১৪টি বিদেশি আইফোনসহ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৪টি দামী বিদেশি মোবাইল ফোনসহ মো. সায়েম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
অভিযানের বিবরণ
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ৯:০০ ঘটিকায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ লুৎফল আহসান ও সঙ্গীয় ফোর্স থানা এলাকায় বিশেষ ডিউটি পালন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সিনেমা প্যালেস মোড় এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন সায়েমকে আটক করা হয়।
তল্লাশিকালে তার কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে বিভিন্ন মডেলের ১৪টি বিদেশি স্মার্টফোন উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে:
আইফোন ১৪ (বিভিন্ন ভেরিয়েন্ট): ৫টি
আইফোন ১৩: ৫টি
আইফোন ১২: ২টি
রেডমি নোট ১৩: ১টি
গুগল পিক্সেল ৮ প্রো: ১টি
আইনি ব্যবস্থা
গ্রেফতারকৃত মো. সায়েম ডবলমুরিং থানার মনছুরাবাদ এলাকার মো. মহসিনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত ফোনগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ সেগুলো জব্দ করে।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের Special Powers Act-এর 25B/25D ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-৩৯) রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে