চট্টগ্রাম বন্দর থেকে ৪ দিনের মধ্যে পণ্য খালাসের নির্দেশ দিলেন অর্থম

আমদানি করা কাঁচামাল ও পণ্য চার দিনের মধ্যে যাতে শুল্কায়ন হয়, সে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে বন্দর ইউজারস ফোরামের সঙ্গে বৈঠক শেষে তিনি এই নির্দেশ দেন।

আমীর খসরু বলেন, ব্যবহারকারীদের নিয়ে বৈঠকে অনেকগুলো সমস্যার সমাধান হয়েছে। আন্তমন্ত্রণালয় সিদ্ধান্তের প্রয়োজন থাকায় কিছু সমস্যা সমাধানে কয়েক দিন সময় লাগবে। এসব সমস্যার সমাধান হলে বন্দরের কার্যক্রমে গতি আসবে। দ্রুত পণ্য খালাস হবে। পণ্য খালাস দ্রুত হলে খরচ কমে আসবে।

দেশের প্রধান সমুদ্রবন্দরে অধিকাংশ স্ক্যানিং মেশিন দীর্ঘদিন অচল থাকায় ক্ষোভ প্রকাশ করে বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের দ্রুত সেগুলো সচলের নির্দেশ দিয়ে অর্থমন্ত্রী বলেন, এত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি কীভাবে দিনের পর দিন অচল থাকে? এ ধরনের গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পণ্যজট ও ধীরগতির সরবরাহের অন্যতম কারণ এসব স্ক্যানিং মেশিনের অচলাবস্থা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল বন্দরনগরী চট্টগ্রামে আমীর খসরুর প্রথম সফর।