জনপ্রিয়তায় ভীত হয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, দলের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী তাদের বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে। তিনি ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, প্রিয় সহকর্মীবৃন্দ ও দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত; তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত।

তিনি আরও লেখেন, এসব অপপ্রচারে গুরুত্ব না দেয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। ভোট আপনার অধিকার ও পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন