
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া জনগণের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। সচেতন হলে এর প্রাদুর্ভাব থেকে নিজেদের রক্ষা করা সম্ভব। মরণঘাতী এই রোগ থেকে জনগণকে রক্ষা করতে আগামী ১৪ মার্চ থেকে সারাদেশে বড় পরিসরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এ বিষয়ে আগামী ১৪ মার্চ থেকে সারা দেশে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান। ডেঙ্গু বা চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে দেশবাসীকে আহ্বান জানাই।
বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘বিশেষজ্ঞদের মতে এডিস মশার কামড় থেকে মানুষ ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। সুতরাং, ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার জন্য আগে থেকেই সব প্রতিকারমূলক পদক্ষেপ নেয়া জরুরি।’
তিনি বলেন, ‘বর্ষা মৌসুম অর্থাৎ জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময়টিতে সাধারণত ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি থাকলেও জনস্বাস্থ্যবিদরা বলছেন, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। যেকোনো সময়ই মানুষের ডেঙ্গু আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। বর্ষাকালে জমে থাকা পানিতে এডিস মশা জন্মায়। তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশা জন্মাতে পারে। কীটতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মশার প্রজনন নিয়ন্ত্রণের জন্য ড্রেন, ডোবা, নর্দমার মতো যেসব জায়গায় পচা পানি জমে থাকার সুযোগ রয়েছে, সেগুলো পরিষ্কার করে রাখাই সবচেয়ে কার্যকর উপায়।’
প্রধানমন্ত্রী আরও বলেন, জমে থাকা পরিষ্কার পানিতে মাত্র তিন দিনেই এডিস মশা জন্মাতে পারে। তাই ড্রেন, ডোবা বা নর্দমার পাশাপাশি বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মনে রাখা প্রয়োজন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর উপায়। এরই পরিপ্রেক্ষিতে আসন্ন বর্ষা মৌসুমের আগে থেকেই অর্থাৎ ১৪ মার্চ শনিবার থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরচ্ছিন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। এই পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় প্রশাসন কার্যকরী উদ্যোগ নিয়েছে।’
জনগণকে সঙ্গে নিয়ে প্রতি শনিবার নিজ নিজ এলাকা ও বসতবাড়ির আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে জাতীয় সংসদের সদস্যসহ সব স্তরের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চললে আসন্ন দিনে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী জ্বর থেকে জনগণ নিজেদেরকে রক্ষা করতে সম্ভব হবে। সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূল নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।’