নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
নগরীর টাইগার পাস পুলিশ বক্সের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী অটোরিকশা, সিএনজি ও টেম্পু চালক শ্রমিক দল, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই নগরীর বিভিন্ন থানা ও এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এর মধ্যে টাইগার পাস এলাকা থেকে শহিদুল ইসলাম সোহেল, মনু মিয়া ও দেলোয়ার হোসেন; পাহাড়তলী এলাকা থেকে সোহেল ও আজিজুল ইসলাম এবং পতেঙ্গা থানা থেকে মোহাম্মদ গিয়াস উদ্দিন, আরিফ ফরাজী ও নকিবের নেতৃত্বে বিশাল মিছিল সমাবেশস্থলে এসে যুক্ত হলে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
চট্টগ্রাম মহানগর অটোরিকশা, সিএনজি ও টেম্পু চালক শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে এ এম নাজিম উদ্দিন বলেন, “দেশের অর্থনীতির চাকা সচল রাখতে পরিবহন শ্রমিকদের ভূমিকা অপরিসীম। অথচ যুগের পর যুগ এই শ্রমজীবী মানুষগুলো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের ঘামের মূল্য নিশ্চিত করতে এবং যেকোনো অন্যায়-অনিয়ম রুখে দিতে জাতীয়তাবাদী শ্রমিক দল সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।”
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার। তিনি বলেন, “শ্রমিকদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। অটোরিকশা, সিএনজি ও টেম্পু চালকদের হয়রানি বন্ধ এবং তাদের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সহ-সভাপতি মোঃ ইদ্রিস মিয়া, বিভাগীয় সহ-সভানেত্রী সাহা নেয়াজ চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, শ্রমিক দলের বিভাগীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সালমান সোলেমান এবং অটোরিকশা, সিএনজি ও টেম্পু চালক শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম।
সমাবেশে বক্তারা পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, শ্রমিকদের ওপর অহেতুক পুলিশি হয়রানি বন্ধ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জোর দাবি জানান।