বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে চট্টগ্রামে সিআরবি’র বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

‘নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে নগরীর প্রধান সড়কে এক বিশাল র‍্যালির আয়োজন করে বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনজ্যুমার রাইটস বাংলাদেশ (সিআরবি)।

সিআরবি অ্যাডমিন অফিস, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এই র‍্যালিতে সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ ভোক্তারা অংশ নেন। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানারে ভোক্তা অধিকার সুরক্ষায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয়’ প্রতিষ্ঠার জোরালো দাবি জানানো হয়।

র‍্যালিতে বক্তারা বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও পণ্যের গুণগত মান নিশ্চিত করতে একটি পৃথক মন্ত্রণালয় এখন সময়ের দাবি। এছাড়াও বাজারে ভেজাল রোধ এবং এলপি গ্যাস বিক্রয়সহ বিভিন্ন ক্ষেত্রে ভোক্তা হয়রানি বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির আহ্বান জানানো হয়।

সিআরবি’র এই কর্মসূচিতে সংগঠনের বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র‍্যালি থেকে ‘ভেজাল থামান এখনই’ স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।