
অনলাইন ডেস্ক
৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ১:০৮ অপরাহ্ণ
জাতীয় নির্বাচনের মাত্র দুই দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত পালটা শুল্ক–সংক্রান্ত বাণিজ্য চুক্তিতে সই করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি বাংলাদেশের পোশাক পণ্য সে দেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেতে পারে এবং বিদ্যমান ২০ শতাংশ পালটা শুল্ক কমার সম্ভাবনাও রয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে স্থানীয় সময় সকাল ১০টায় চুক্তি সইয়ের কথা রয়েছে। বাংলাদেশের পক্ষে ঢাকায় বসেই সই করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। প্রতিনিধি দলের উপস্থিতিতে অনলাইনে তিনি ও বাণিজ্য সচিব অনুষ্ঠানে যুক্ত হবেন। যুক্তরাষ্ট্রের পক্ষে সই করবেন দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিয়েসন গ্রিয়ার।
চুক্তির সময় নিয়ে প্রশ্ন উঠলেও সরকার বলছে, রফতানি ও কর্মসংস্থানের ঝুঁকি এড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের আরোপ করা বাড়তি ২০ শতাংশ শুল্ক আরও কমানোর চেষ্টা চলছে এবং তৈরি পোশাক খাতে শুল্ক শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।
এদিকে আলোচনার অংশ হিসেবে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ২০৩৫ সালের মধ্যে বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্যে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে বিমান কেনা হতে পারে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।