রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র রক্ষায় আপসহীন থাকতে হবে: চট্টগ্রাম জেলা প্রশাসক

 


মোঃ খোরশেদ আলম

​জুলাই আন্দোলনে নিহত ও আহতদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “নিহত ও আহত ভাইদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে বিবেক বিক্রি করা যাবে না। রাষ্ট্র ও সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। একটি সুন্দর দেশ গড়তে আমাদের আর পেছনে তাকানোর সুযোগ নেই।”
​সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাতকানিয়া উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​কঠোর নজরদারিতে থাকবে ভোটকেন্দ্র
​ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসক বলেন, “ভোটকেন্দ্র মনিটরিংয়ের জন্য আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি। দায়িত্বরতরা নিজেদের বিবেক বিক্রি করবেন না; আমাদের যেন আপনাদের প্রতি কঠোর হতে না হয়। এই পবিত্র ভূমিতে অনেক রক্ত ঝরেছে, আমরা আর রক্ত চাই না।” তিনি আরও স্পষ্ট করেন যে, কোনো গাফিলতির দায় নির্বাচন কমিশন নেবে না এবং অন্যায়ের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
​’পঁচা নির্বাচনের’ সংস্কৃতি থেকে মুক্তির ডাক
​সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, “বিগত সময়ে আমাদের পূর্বসূরীরা নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকভাবে ধ্বংস করে দিয়েছিল। আমরা সেই পঁচা নির্বাচন থেকে মুক্ত হতে চাই। এবারের নির্বাচনে কোনো (রাজনৈতিক) চাপ না থাকলেও দেশের মানুষের প্রতি আমাদের দায় আছে।” তিনি ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, কোনো পেশিশক্তির চাপ আসলে আইন-শৃঙ্খলা বাহিনী তা কঠোরভাবে দমন করবে।
​উপস্থিত ব্যক্তিবর্গ
​সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহামুদুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন:
​মেজর আখলাফ: উপ-অধিনায়ক, ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি।
​মোস্তাক আহমদ: পরিচালক ও জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি।
​গোলাম মঈন উদ্দিন হাসান: উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ।
​মোহাম্মদ বশির আহমেদ: সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা।
​সভায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনীর সাতকানিয়া ক্যাম্পের ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হকসহ ভোট গ্রহণকারী কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।