সততা, আমানতদারিতা ও জবাবদিহিতাই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি’: হামিদুর রহমান আজাদ

‘

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

‘সততা, আমানতদারিতা ও জবাবদিহিতাই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি’ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, সরকার পরিচালনার জন্য যোগ্যতা, পেশাগত উৎকর্ষতা ও জ্ঞানের গভীরতা প্রয়োজন। জামায়াতে ইসলামী নিয়ে মানুষের আকাঙ্ক্ষা ও আস্থা বাড়ছে; সেই অনুযায়ী আমলাদের পাশাপাশি বিভিন্ন পেশার যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার জনবল তৈরি করতে হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগরী জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয় বিআইএ মিলনায়তনে আয়োজিত রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর জামায়াতের পাঁচলাইশ থানা, ব্যাংকার্স ও চিকিৎসক থানাসহ বিভিন্ন থানার রুকনদের নিয়ে এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়।

নগর জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার এবং পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান আজাদ আরও বলেন, দায়িত্ব যত বড়, জবাবদিহিতাও তত বেশি। রাষ্ট্র পরিচালনা শুধু রাজনৈতিক বিষয় নয়; অভিজ্ঞতা, দক্ষতা, নীতি, সুনির্দিষ্ট পরিকল্পনা ও প্রক্রিয়ার সমন্বয়ে রাষ্ট্র চলে। নাগরিকদের অধিকার, নিরাপত্তা, সেবা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব, অন্যথায় রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ে।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান রুকনদের আনুগত্য, এহতেছাব ও পরামর্শের মাধ্যমে সাংগঠনিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, পরামর্শভিত্তিক সিদ্ধান্ত এবং এহতেছাবের চর্চা সংগঠনকে আরও সুসংগঠিত করবে।

নগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, রুকুনিয়াত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও মর্যাদার বিষয়। সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে হলে প্রত্যেক রুকনকে আদর্শিক জ্ঞান, আমল-আখলাক ও সাংগঠনিক যোগ্যতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে প্রস্তুত হতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সংগঠনের দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা করেন। তিনি দায়িত্বশীলদের যথাযথ প্রস্তুতি নেওয়া, জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং সাংগঠনিকভাবে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।