কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। সন্দেহভাজন বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে।
পুলিশের বরাতে কানাডার সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি জানায়, টাম্বলার রিজ এলাকার ওই হাইস্কুলের ভেতর ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
একটি বাড়িতে আরও দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে ধারণা করছে পুলিশ।
আরসিএমপি বলেছে, ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে হামলায় একজন বন্দুকধারীই জড়িত ছিলেন।
পুলিশের ধারণা, বন্দুকধারী খুব সম্ভবত আত্মহত্যা করেছেন। সন্দেহভাজন এ ব্যক্তিকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী খুব সম্ভবত একজন নারী।
হামলার ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ‘গুরুতর আহত দুজনকে উড়োজাহাজে করে হাসপাতালে নেওয়া হয়েছে। আঘাত প্রাণঘাতী নয় এমন আরও প্রায় ২৫ জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
স্কুলের বাকি শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।