মোঃ বেলাল হোসেন
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান- ফরিদা খানম
আজ (মঙ্গলবার) সারাদেশে নারী ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে দুপুর ১২ টায় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী মহিলা বিভাগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সভাপতির বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম মহানগরী মহিলা জামায়াতের সেক্রেটারি ফরিদা খানম।
তিনি বলেন, গত বছরও রমজান মাসে শিশু আছিয়া হত্যার প্রতিবাদে আমরা প্রথমে রাজপথে নেমেছিলাম। নির্বাচিত সরকারের অধীনে নারী ও শিশুরা অধিক নিরাপদ হবে—এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা ও দলীয় ছত্রছায়ায় অপরাধ, জুলুম ও নারী নিপীড়ন বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন।
তিনি আরও বলেন, রামপুরা, নরসিংদী, গাইবান্ধা, সীতাকুণ্ড ও ভোলাসহ বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার হয়েছে; কেউ কেউ প্রাণও হারিয়েছে। প্রশাসন যথাযথভাবে দায়িত্ব পালন করলে এবং বিচার নিশ্চিত হলে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হতো না বলেও উল্লেখ করেন।
সভাপতি ফরিদা খানম বলেন, অবিলম্বে নারী ও শিশুর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার এবং মানবতার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি আল্লাহর সাহায্য কামনা করেন। এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
উক্ত মানববন্ধনে তিনি নিম্নোক্ত ১২ টি দাবী জানান।
১.সাংবিধানিক ও নৈতিক দায়িত্ববোধ থেকে রাষ্ট্রকে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
২. অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. রাজনৈতিক দুর্বৃত্তদের প্রতিহত করতে হবে।
৪. বিচারের দীর্ঘসূত্রিতা বন্ধ করতে হবে।
৫. নিরপেক্ষ তদন্ত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়া চালু করতে হবে।
৬. প্রতিটি মা-বোন ও শিশুর নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৭. গ্রেপ্তারকৃত অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে।
৮. অপরাধীদের গডফাদারদের বিচারের আওতায় আনতে হবে,
৯. মামলা নিতে গড়িমসি করা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।
১০. শিশু নিরাপত্তা ও ধর্ষণ প্রতিরোধে রাষ্ট্রকে কার্যকর ও ধারাবাহিক ব্যবস্থা নিতে হবে।
১১. ভুক্তভোগীকে হয়রানি বা অপদস্থ করার সংস্কৃতি পরিহার করে তার পাশে দাঁড়িয়ে বিচার নিশ্চিত করতে হবে।
১২. বিচারের ক্ষেত্রে স্বজনপ্রীতি বন্ধ করতে হবে।
মানববন্ধনে চট্টগ্রাম মহানগরী জামায়াতের মহিলা বিভাগের সাংগঠনিক সম্পাদিকা উম্মে কানিজ জাহানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মিসেস আয়েশা পারভীন, সাংগঠনিক সম্পাদিকা উম্মে ফাতেমা, সাবেক মহিলা কাউন্সিলর ফারজানা পারভীন এবং চাকসুর ছাত্রী কল্যাণ সম্পাদিকা নাহিমা আকতার দীপা, শিশু বক্তা সামারা বিনতে নোমান প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য খুরশিদ জাহান, শাহেদা মতিন, জয়নাব বেগম নাহিদ, রোকেয়া বেগম চৌধুরী প্রমুখ।
