ডবলমুরিংয়ে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: আদালতের নির্দেশে সরজমিনে জায়গা পরিমাপ

মোঃ সেকান্দর আলম

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন ২৩ নং ওয়ার্ডের পাঠানটুলি সুপারিওয়ালা পাড়া এলাকায় পৈতৃক ও খরিদা সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিরসনে আদালতের নির্দেশে সরজমিনে জায়গা পরিমাপ ও তদন্ত সম্পন্ন হয়েছে।

শনিবার (৭ মার্চ) স্থানীয় ‘সিরাজ ম্যানশন’ সংলগ্ন তফশিলভুক্ত বিটি ভূমিতে জেলা লিগ্যাল এইড অফিস ও আদালতের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়।

আদালত নিযুক্ত সার্ভে কমিশনার অ্যাডভোকেট জনাব মোঃ নওশেদ আলী তার দুই সহযোগী স্থানীয় সার্ভেয়ার মোঃ আনিছ ও মনু মিয়া, বিরোধপূর্ণ জায়গায় উপস্থিত হয়ে ভূমির সীমানা নির্ধারণ ও পরিমাপ করেন। এ সময় উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত সম্পত্তির মালিকানা দাবিদার ইসহাক ও তার ওয়ারিশগণ সরজমিনে উপস্থিত ছিলেন। তাদের অভিযোগ, মৃত আমিনুল হকের ওয়ারিশ মোঃ আহাদুল হক গংরা দীর্ঘ বছর ধরে তাদের এই পৈতৃক খরিদা সম্পত্তি বেআইনিভাবে জবরদখল করে ভোগ দখল করে আসছেন। ইসহাক গংদের দাবি, তারা এই সম্পত্তির প্রকৃত ওয়ারিশ হওয়া সত্ত্বেও পেশীশক্তি ও দেশের প্রচলিত আইন অমান্য করে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে।

অন্যদিকে, জায়গাটি নিয়ে বর্তমানে উভয় পক্ষের মধ্যে আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলা চলমান রয়েছে। তদন্ত কার্যক্রম চলাকালীন বিজ্ঞ আইনজীবী ও সার্ভে কমিশনার উভয় পক্ষের বক্তব্য ভিডিওর মাধ্যমে রেকর্ড করেন এবং নথিপত্র পর্যালোচনা করেন।

উপস্থিত স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চলা এই বিরোধের কারণে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছিল। আদালতের এই উদ্যোগের ফলে একটি আইনগত সমাধানের আশা করছেন সংশ্লিষ্টরা। সার্ভে কমিশনারের প্রতিবেদন পরবর্তীতে আদালতে পেশ করা হবে, যার ওপর ভিত্তি করে চূড়ান্ত ফয়সালা হবে বলে জানা গেছে।