
অনলাইন ডেস্ক
সীমান্ত ও রোহিঙ্গা অধ্যুষিত টেকনাফে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে দায়িত্বরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আজ রোববার (৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।
তিনি বলেন, এপিবিএনের সাইবার টিম থানায় সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৫টি স্মার্টফোন উদ্ধার করে টেকনাফ কার্যালয়ে মালিকদের কাছে হস্তান্তর করে। দীর্ঘদিন পর হারানো মূল্যবান মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।
মোবাইল ফোন ফিরে পেয়ে সেলিম উল্লাহ বলেস, প্রায় ৪৫ হাজার টাকা দিয়ে কেনা তার একটি স্যামসাং মোবাইল ফোন টেকনাফ বাজার থেকে হারিয়ে যায়। পরে থানায় সাধারণ ডায়েরি করার পর মাত্র ১০ দিনের মধ্যে এপিবিএন কোন টাকা খরচ ছাড়াই উদ্ধার করে দেন। আমি ৩০ হাজার টাকা বেতনের চাকরি করি। মোবাইলটি ফিরে পেয়ে খুবই খুশি।
অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার ইনচার্জ এসআই (নিরস্ত্র) রিয়াদ হোসেন, এএসআই (নিরস্ত্র) মো. আহসান উল্লাহসহ সাইবার সেলের অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন