ফুলকি দাস
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে অবৈধভাবে কৃষিজমি কাটার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি এস্কাভেটর (এক্সকাভেটর) জব্দ করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র কৃষিজমি কেটে মাটি বিক্রি করে আসছিল। এতে এলাকার আবাদযোগ্য জমি নষ্ট হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে জমি কাটার সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে দুইটি এস্কাভেটর জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে কৃষিজমি নষ্ট করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।