চট্টগ্রাম অফিস | ১৭ অক্টোবর ২০২৬
বৃহত্তর চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান আবু সৈয়দ। এ লক্ষ্যে প্রশাসন, জনপ্রতিনিধি, নাগরিক সংগঠন ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় নগরীর সিআরবি এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের কেন্দ্রীয় পরিষদ ও চট্টগ্রাম মহানগর কমিটির বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় আবু সৈয়দ উল্লেখ করেন, দেশের অর্থনীতি, বাণিজ্য ও পর্যটনে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এ অঞ্চলের মানুষ যানজট, ফুটপাত দখল, কিশোর অপরাধ, সন্ত্রাস ও গ্যাসসংকটসহ নানা নাগরিক সমস্যায় ভুগছেন। এসব সমস্যা সমাধানে বিচ্ছিন্ন উদ্যোগ না নিয়ে সুপরিকল্পিত কর্মসূচি ও প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের ফুটপাত দখলমুক্তকরণ ও পরিচ্ছন্ন নগর গড়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে নাগরিক ফোরাম চেয়ারম্যান বলেন, “পথচারীদের চলাচলের অধিকার নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।”
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও সম্প্রীতি রক্ষার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
একই সঙ্গে চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দল-মত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তিনি।
আবাসিক গ্যাসসংকট প্রসঙ্গে তিনি তুলে ধরেন যে, প্রায় ১১ বছর আগে টাকা জমা দিয়েও প্রায় ২৫ হাজার গ্রাহক এখনো সংযোগ পাননি। দ্রুত এই প্রশাসনিক জটিলতা নিরসন করে গ্রাহকদের ন্যায্য দাবি পূরণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
আবু সৈয়দ বলেন, “শুধু বড় অবকাঠামো নির্মাণই উন্নয়ন নয়; প্রকৃত উন্নয়ন তখনই অর্থবহ হবে যখন সাধারণ মানুষ স্বস্তি, নিরাপদ চলাচল ও নাগরিক অধিকার ভোগ করতে পারবেন।” বৃহত্তর চট্টগ্রামের সম্ভাবনা ও সমস্যাগুলোকে জাতীয় উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।