মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি:
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার কেরানীহাটস্থ একটি রেস্টুরেন্টে দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন লোহাগাড়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ সুনীল কুমার চৌধুরী, জেলা সহ-সভাপতি প্রদীপ দাশ, সাতকানিয়া পূজা উদযাপন কমিটির আহ্বায়ক রাজীব কুমার ধর, লোহাগাড়া উপজেলা সদস্য সচিব ও চট্টগ্রাম-১৫ সংসদীয় এলাকার আইনশৃঙ্খলা কমিটির সদস্য বাবু পলাশ দাশ, সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব রাজীব নন্দী, লোহাগাড়া জন্মাষ্টমী পরিষদের সভাপতি রাজু ধর রাজ এবং সাতকানিয়া পূজা উদযাপন কমিটির সদস্য উত্তম দাশ।
জামায়াত নেতাদের পক্ষে সভায় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা নুরুল হোসাইন, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, উত্তর সাতকানিয়া থানা আমীর মাস্টার সিরাজুল ইসলাম, পৌরসভার নায়েবে আমীর মুহাম্মদ শাহ আলম, উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন, উত্তর সাতকানিয়া থানা সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াস, মাওলানা আব্দুল মালেক, শাহাদাত হোসাইন এবং অধ্যক্ষ হোসাইন আল হিশাম জাবেদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী ও দেশপ্রেমিক দল হিসেবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর।” চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভায় দুর্গাপূজা উদযাপনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, সাতকানিয়া-লোহাগাড়ায় দীর্ঘ দিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল ঐতিহ্য রয়েছে। যে কোনো প্রয়োজনে জামায়াত, ইসলামী ছাত্রশিবির এবং আলেম-ওলামাদের পাশে পেয়েছেন উল্লেখ করে নেতৃবৃন্দ ভবিষ্যতে যেকোনো মূল্যে এই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।