চান্দগাঁওয়ে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি সফল অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফারুক (৪৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

​শনিবার (১১ এপ্রিল) দুপুরে চান্দগাঁও থানাধীন দক্ষিণ মোহরা কুমারপাড়া এলাকার রাজা মিয়ার কলোনিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মো. ফারুক ওই এলাকার মৃত হাজী রাজা মিয়ার ছেলে।

​অভিযান পরিচালনাকারী ডিবি (উত্তর) বিভাগের টিম নং-০৩ এর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল দক্ষিণ মোহরাস্থ ফারুকের ভাড়া ঘরে অভিযান চালায়। এ সময় তার দেহ তল্লাশি করে পরিহিত পায়জামার ডান পকেট থেকে নিজ হাতে বের করে দেওয়া ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​ঘটনাস্থলে উপস্থিত এসআই (নিরস্ত্র) সুমন দে ইয়াবাগুলো জব্দ করে জব্দতালিকা প্রস্তুত করেন। এ ঘটনায় চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নং-১১, তারিখ- ১১/০৪/২০২৬) রুজু করা হয়েছে।

​পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক কারবার সংক্রান্তে পূর্বে আরও একটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।