​ছদাহায় কোরআনের আলো ছড়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী বিশ্বজয়ী হাফেজ আবু জাফর শাকিল

মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা:

চট্টগ্রামের সাতকানিয়ায় হাফিজুল কোরআন রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে হিফজুল কোরআন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

গত শনিবার উপজেলার ছদাহা ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম আফজাল নগর এফ.ডি.এফ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ সাতবাড়িয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব মাওলানা শাহ আব্দুল হালিম রশীদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার যুব উন্নয়ন পরিষদের সভাপতি জাফর আহমেদ ও সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন।

কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন পতেঙ্গা ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান এবং আদুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার মুফাসসির মাওলানা মশিউর আলম।

দিনব্যাপী এই আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ আবু জাফর শাকিল। সকাল থেকেই ৪টি ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে প্রতিযোগিতায় অংশ নেয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, “পবিত্র কোরআনের আদর্শে সমাজকে আলোকিত করতে এবং কোমলমতি শিক্ষার্থীদের হৃদয়ে কোরআনের সঠিক শিক্ষা ও ভালোবাসা জাগিয়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী।” বক্তারা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রতিযোগিতা শেষে বিজয়ী এবং অংশগ্রহণকারী সকল কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ওলামায়ে কেরাম এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।