জুতার সোলে ইয়াবা পাচার: বাকলিয়ায় ৮০০ পিসসহ নারীসহ গ্রেফতার ২

| আব্দুল মুবিন

চট্টগ্রামের বাকলিয়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান গোলচত্বরস্থ পুলিশ বক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।

অভিযানের বিবরণ

পুলিশ সূত্রে জানা গেছে, বাকলিয়া থানার একটি চৌকস টিম গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজনদের তল্লাশি শুরু করে। এসময় আটককৃতদের আচরণে সন্দেহ হলে তাদের তল্লাশি করা হয়। পরে দেখা যায়, তারা অত্যন্ত সুকৌশলে তাদের পরিহিত জুতার সোলের ভেতরে ইয়াবাগুলো লুকিয়ে বহন করছিল। সেখান থেকে মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়

গ্রেফতারকৃতরা হলেন:

১. খোরশেদা বেগম (৪৫): স্বামী-মৃত রবি মিয়া, সাং-পশ্চিম কান্দাপাড়া, নরসিংদী পৌরসভা।

২. শাহ জালাল মিয়া (৫২): পিতা-মৃত মন্টু মিয়া, সাং-পশ্চিম কান্দাপাড়া, নরসিংদী পৌরসভা।

উভয়ই নরসিংদী সদর থানার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

আইনি পদক্ষেপ

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় (মামলা নং-১০) মামলা দায়ের করা হয়েছে। আজই তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।