
টেকনাফে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, গুরুতর আহত ৪
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার লোকমান হাকিমের ছেলে মো. লালু (৪৫) এবং পশ্চিম ফুলের ডেইল এলাকার আবুল হোসেনের দুই বছর বয়সী কন্যা মুনতাহা।
নিহত মো. লালু মিনিটমটমের চালক ছিলেন।
আহতরা হলেন- হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকার মো. আবদুল্লাহ (৩০), মো. বদিউজ্জামান (৪০), মোসা. ফাতেমা (২০) ও ইসমত আরা (৪০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারগামী পালকি বাসের সঙ্গে লেদাগামী একটি যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় টমটমে চালকসহ ছয়জন যাত্রী ছিলেন। এতে ঘটনাস্থলেই টমটম চালক ও এক শিশু নিহত হয়। আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।