
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় গ্রেপ্তার এড়াতে নিজের কাছে থাকা ইয়াবা বড়ি চিবিয়ে খেয়ে দিদারুল আলম নামের এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পুলিশ। নিহত দিদারুল আলম পাহাড়তলী থানা যুবলীগের কর্মী ছিলেন।
গত বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১২টার দিকে নগরের আমবাগান আনসার ক্লাব এলাকায় এই ঘটনা ঘটে। গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ৩৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, প্রত্যক্ষদর্শী ও পুলিশের উপস্থিতিতেই তিনি যন্ত্রণায় ছটফট করছিলেন। খালি গায়ে থাকা দিদারুল এপাশ-ওপাশ করতে করতে বারবার মাটি চাপড়াচ্ছিলেন এবং অসংলগ্ন কথা বলছিলেন। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, “আমার দুইটা বাচ্চা আছে স্যার। মোবাইল দেন, টাকা দেন” । পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
নগর পুলিশ জানায়, দিদারুল পুলিশের উপস্থিতি টের পেয়ে তার কাছে থাকা ইয়াবা বড়িগুলো চিবিয়ে খেয়ে ফেলার কারণে তার মুত্যু হয়ে থাকতে পারে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, নিহতের বিরুদ্ধে আগে থেকেই খুন ও মাদকের একাধিক মামলা রয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর দিদারের মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্ট হবে।
নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, এ ঘটনায় খুলশী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।