মোঃ সেকান্দর আলম চট্টগ্রাম
চট্টগ্রামের ফয়’স লেক সংলগ্ন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) ক্যাম্পাস থেকে রীতা আক্তার (২০) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৩ মে) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল ভবনের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রীতা আক্তার নগরীর পাহাড়তলী থানাধীন সিডিএ নোয়াপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হাসপাতালের নিচে ওই তরুণীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালের নিচ থেকে তরুণীর লাশটি উদ্ধার করা হয়েছে। আঘাতের কারণে লাশের মাথার মগজ বের হয়ে গেছে। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি হাসপাতালের ওপর থেকে লাফ দিয়েছেন, নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই নির্মম ঘটনা ঘটেছে—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এই ঘটনায় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে হাসপাতাল ও ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।