
নিজস্ব প্রতিবেদক, দৈনিক চট্টগ্রামের কণ্ঠ
দেশের বর্তমান অস্থিতিশীল ও জননিরাপত্তাহীন পরিস্থিতির জন্য বিএনপি এবং দলটির শীর্ষ নেতৃত্বের সংস্কারবিরোধী অবস্থানকে দায়ী করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ৫ই আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিস্ফোরক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, “আজকের যে অস্থিতিশীল, বিশৃঙ্খল ও জননিরাপত্তাহীন বাংলাদেশ, তা মূলত ৫ই আগস্টের পর থেকে বিএনপির সংস্কার বিরোধী অবস্থানের ফলাফল। সংস্কারের বিরোধিতা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেখে যাওয়া ফিটনেসবিহীন গাড়ির ভালো ড্রাইভার হতে চেয়েছিলেন।” তিনি অভিযোগ করেন, সালাহউদ্দিন আহমেদসহ দলের প্রভাবশালী নেতারা তারেক রহমানকে সেই ধ্বংসপ্রাপ্ত ও ফিটনেসবিহীন গাড়ির ড্রাইভিং সিটে বসতে উৎসাহ ও প্ররোচিত করেছেন।
জুলাই অভ্যুত্থানের পেছনের মূল উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, সালমান মুক্তাদিরের মতো তরুণরা যে প্রজন্মের অগ্রদূত, তারা স্রেফ ক্ষমতার হাতবদল দেখতে রাজপথে নামেনি। তাদের মূল আকাঙ্ক্ষা ছিল পুনর্গঠন ও সংস্কারের মাধ্যমে একটি আদর্শ নাগরিক রাষ্ট্র বিনির্মাণ করা। কিন্তু গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুদক এবং স্বাধীন পুলিশ কমিশন গঠনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সংস্কার উদ্যোগে বিএনপি বাঁধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও লেখেন, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রকে সংস্কার করার পরিবর্তে বিএনপি পতিত স্বৈরাচারের পচা ও ব্যর্থ রাষ্ট্রব্যবস্থাকে টিকিয়ে রাখার দায় নিয়েছে। এর ফলে রাষ্ট্র আজ দ্রুতগতিতে মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজি, পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ও বিচারহীনতার গ্রাসে চলে গেছে।
বর্তমান পরিস্থিতিকে চরম অবক্ষয় হিসেবে অভিহিত করে পোস্টটিতে বলা হয়, এই সংস্কারবিরোধী ব্যবস্থার কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অযোগ্য দলীয় কর্মীদের দখলে চলে যাচ্ছে। হাসপাতাল গুড়িয়ে দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো কিংবা মেগাপ্রজেক্টের নামে জবাবদিহিতাহীন দুর্নীতির যে পরিবেশ তৈরি হয়েছে—তা মূলত নির্দিষ্ট গোষ্ঠী ও দলীয় নেতাদের স্বার্থ রক্ষারই প্রতিফলন।
শেষে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তারেক রহমান এবং তার দল বিএনপি সংস্কারবিরোধী অবস্থান নিয়ে প্রতিশ্রুত সময়ের সাথে প্রতারণা করেছে এবং তরুণ প্রজন্মের প্রত্যাশা ভঙ্গ করেছে। এই ভঙ্গুর রাজনৈতিক সিস্টেম এবং সংস্কারবিমুখতা ভবিষ্যতে বিএনপির জন্য পদে পদে বিপর্যয় ডেকে আনবে।