মো : আব্দুল মোমিন (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় নিজ ঘরে ঢুকে মা ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। এ সময় হামলায় নিহত নারীর পাঁচ বছর বয়সী এক ছেলেও জখম হয়েছে।
শনিবার (১৩ জুন) রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব কন্যারা গ্রামের চেনামতি বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) এবং তাদের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় নিরাপত্তাকর্মী সুজন বড়ুয়া কর্মক্ষেত্রের কারণে চট্টগ্রাম শহরে থাকেন। তার স্ত্রী এনি বড়ুয়া ছেলে-মেয়েদের নিয়ে আনোয়ারার গ্রামের বাড়িতে থাকতেন। শনিবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ঘরে ঢুকে এনি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। হামলায় আহত এনি বড়ুয়ার পাঁচ বছরের শিশু সন্তানকে উদ্ধার করা হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, বিভিন্ন বিষয় নিয়ে এক নিকটাত্মীয়ের সঙ্গে এনির পরিবারের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে অন্য স্বজনরা সন্দেহ করছেন।”
পুলিশ ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।