সাতকানিয়ায় মাদার্শা রেঞ্জে যৌথ অভিযান: অবৈধ করাতকল সিলগালা, কাঠ ও যন্ত্রাংশ জব্দ

মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা:

সাতকানিয়ায় বন ও পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বন বিভাগ। এর অংশ হিসেবে ২৪ অক্টোবর উপজেলা প্রশাসন ও মাদার্শা রেঞ্জের যৌথ উদ্যোগে এওচিয়া ইউনিয়নের দেওদিঘী বাজারে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধভাবে পরিচালিত একটি করাতকল সিলগালা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৫৫ ঘনফুট গোল কাঠ এবং করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)-এর মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে অর্থদণ্ড বা জরিমানা আদায় করা হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বনাঞ্চল ধ্বংসকারী এবং অবৈধ করাতকলের বিরুদ্ধে বন বিভাগের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বন ও পরিবেশ রক্ষায় এ ধরনের আইনগত পদক্ষেপ আরও জোরদার করা হবে বলে জানানো হয়।