মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ কর্মসূচি আজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। আজ (১১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষণটির সমাপনী অনুষ্ঠান, সনদপত্র প্রদান ও এককালীন অনুদানের চেক হস্তান্তর সম্পন্ন হয়।
সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত “বাংলাদেশের প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)” শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ পরিচালিত হয়। গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছিল। প্রথম ব্যাচে উপজেলার নির্বাচিত ৩০ জন প্রান্তিক পেশাজীবী প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্দেশ্য মূলত প্রান্তিক পেশাজীবীদের পেশাগত দক্ষতা বাড়ানো এবং নিজস্ব ব্যবসা সম্প্রসারণে সহায়তা করা। এছাড়া প্রশিক্ষণার্থীদের মাঝ থেকে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ ভাতার পাশাপাশি প্রত্যেককে ব্যাংক হিসাবের মাধ্যমে এককালীন ১৮,০০০ (আঠারো হাজার) টাকা করে সরকারি অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষভাগে অংশগ্রহণকারীদের হাতে এই অনুদানের ডামি চেক ও প্রশিক্ষণ সমাপনী সনদ তুলে দেন অতিথিরা।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আয়োজিত এ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
জনাব রাজীব দাশ পুরকায়স্থ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
জনাব দেলোয়ার হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার
জনাব প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা আইসিটি অফিসার
জনাব সঞ্জীব সরকার, উপজেলা প্রকল্প অফিসার (আরএলপি, বিআরডিবি)
উল্লেখ্য, সারাদেশের ৫৭টি জেলার ১৫০টি উপজেলায় মোট ১০টি ভিন্ন ক্যাটাগরির ১২ হাজার প্রান্তিক পেশাজীবীকে এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে প্রশিক্ষণ ও আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে।
