সাতকানিয়ায় নবাগত ইউএনও ও ওসির সাথে ভোক্তা অধিকার সিআরবি’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

 

 

মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ্যাসোসিয়েশন (ভোক্তা অধিকার সিআরবি) সাতকানিয়া উপজেলা কমিটির উদ্যোগে উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সাতকানিয়া থানার নবাগত কর্মকর্তা ইনচার্জ (ওসি)-এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২১ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ সভায় ভোক্তা অধিকার সিআরবি-এর পক্ষ থেকে নবাগত প্রশাসনিক কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে উপজেলার সার্বিক বাজার ব্যবস্থা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় ভোক্তা অধিকার সিআরবি-এর নির্বাহী ব্যবস্থাপক জি এম মাহফুজুর রহমান স্থানীয় বাজার মনিটরিং ও জনস্বার্থে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন:

ব্যবসায়ীদের প্রশিক্ষণ: ব্যবসায়ীদের নৈতিকতা ও আইনি বাধ্যবাধকতা সম্পর্কে সচেতন করতে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করার জন্য ইউএনও মহোদয়ের প্রতি অনুরোধ জানানো হয়।

অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: বাজার অস্থিতিশীলকারী সিন্ডিকেট, অনিয়ম-দুর্নীতি, ওজনে কম দেওয়া এবং অবৈধভাবে খাদ্যপণ্য মজুদকারীদের বিরুদ্ধে কেবল অর্থদণ্ড না করে সরাসরি কারাদণ্ড প্রদানের জন্য বিনীত অনুরোধ জানানো হয়।

পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা: কেরানীহাট-বান্দরবান প্রধান সড়কে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ অপরিচ্ছন্নকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

সাক্ষাৎকালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার কর্মকর্তা ইনচার্জ ভোক্তা অধিকার সিআরবি-এর প্রস্তাবনাগুলো গুরুত্বের সাথে শোনেন এবং জনস্বার্থে অসাধু ব্যবসায়ী ও পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আশ্বাস দেন।

অনুষ্ঠানে ভোক্তা অধিকার সিআরবি সাতকানিয়া উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।