
চট্টগ্রাম প্রতিনিধি: মুক্তবুদ্ধি চর্চার নিয়মিত পত্রিকা ‘অভিমুখ’-এর ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির এই নতুন সংখ্যার উন্মোচন করা হয়।
চট্টগ্রাম সিনিয়র’স প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক শেখ মোহাম্মদ নজরুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিনিয়র’স প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ‘অভিমুখ’ পত্রিকার সম্পাদক, লেখক ও সংবাদকর্মী বিপ্লব বড়ুয়া। আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন বৃহত্তম চট্টগ্রাম নাগরিক ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোঃ হামিদ হোসাইন, সাধারণ সম্পাদক লায়ন দুলাল কান্তি বড়ুয়া, ফরহাদুল হাসান মোস্তফা, লায়ন জিল্লুর রহমান শাকিল, ক্রাইম রিপোর্টার অরুপ কুমার চন্দ, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল এবং লায়ন মিনহাজুর রহমান চৌধুরীসহ আরও অনেকে।
এ সময় চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুই মাস অন্তর নিয়মিত প্রকাশিত এই পত্রিকাটির চলতি ৪র্থ সংখ্যায় স্থান পেয়েছে ৩৩ জন লেখকের নানা মাত্রিক লেখা। বরাবরের মতোই এতে রয়েছে মানসম্মত প্রবন্ধ, নিবন্ধ, স্মৃতিকথা, প্রবাসলিপি, চিকিৎসা জগৎ, গল্প, কবিতা, ছড়া ও রম্যরচনা। পাশাপাশি বিশেষ আয়োজন হিসেবে ‘প্রতিভা’ বিভাগে দুই মেধাবী শিক্ষার্থীর সাক্ষাৎকার এবং শিশু-কিশোর শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে ‘ক্যানভাস’ বিভাগে ৩ জন কৃতি শিক্ষার্থীর চিত্রকর্ম স্থান পেয়েছে।