চমেক হাসপাতালে ইউনিট-২ চালু ও ডেঙ্গু সেবার দাবিতে পরিচালকের সঙ্গে নাগরিক ফোরামের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ইউনিট-২ চালু এবং ডেঙ্গু রোগীদের পৃথক ওয়ার্ড গঠনসহ চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরাম। একই সঙ্গে হাসপাতালকে দালালমুক্ত করা, রোগী ও স্বজনদের হয়রানি বন্ধ, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এবং এক্স-রে মেশিনসহ গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম সচল রাখার ওপর জোর দিয়েছেন সংগঠনের নেতারা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিনের সঙ্গে তাঁর কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরা হয়। বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিনের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল এতে অংশ নেন।

মতবিনিময় সভায় চমেক হাসপাতালের বর্তমান চিকিৎসাসেবা, অবকাঠামোগত ও জনবল সংকট, পরীক্ষা-নিরীক্ষায় ভোগান্তি এবং সার্বিক ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন পরিচালকের কাছে বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাবনা তুলে ধরে জানতে চান—ইউনিট-২ চালুর সার্বিক অগ্রগতি কতদূর এবং সম্ভাব্য ডেঙ্গু পরিস্থিতির চাপ সামলাতে হাসপাতালে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে ডেঙ্গু রোগীদের যাতে শয্যা ও চিকিৎসাসংকটে পড়তে না হয়, সে জন্য এখনই পৃথক ডেঙ্গু ওয়ার্ড ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিতের আহ্বান জানান তিনি।

নাগরিক ফোরামের নেতারা বলেন, দূর-দূরান্ত থেকে আসা সাধারণ রোগীরা প্রায়ই হাসপাতালে দালালচক্রের খপ্পরে পড়ে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। পাশাপাশি হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্র সচল না থাকায় রোগীদের বাইরে থেকে চড়া দামে পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়। একটি পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত এসব সমস্যার সমাধান প্রয়োজন।

নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন বলেন, “আমরা কারো বিরুদ্ধে অভিযোগ তুলতে আসিনি; বরং চমেক হাসপাতালের সমস্যা চিহ্নিত করে আলোচনার মাধ্যমে বাস্তবসম্মত সমাধানের পথ খুঁজতেই এই উদ্যোগ। ডেঙ্গুসহ কোনো রোগেই যেন সাধারণ মানুষ চিকিৎসার অভাবে ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে হবে।”

ফোরামের প্রস্তাব ও আলোচনার জবাবে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, চট্টগ্রামের সন্তান হিসেবে এই প্রতিষ্ঠানের প্রতি তাঁর আলাদা দায়বদ্ধতা রয়েছে। হাসপাতালকে জনবান্ধব ও সেবামুখী করতে তিনি আন্তরিকভাবে কাজ করছেন।

পরিচালক নিশ্চিত করেন, ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ওয়ার্ড গঠনসহ বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতালের অন্যান্য অবকাঠামোগত ও জনবলসংকট পর্যায়ক্রমে নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর সভাপতি হামিদ হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ সলিম, মহানগর সিনিয়র সহসভাপতি লায়ন জিল্লুর রহমান শাকিল, ওয়াহিদুল আলম মাস্টার, মহসিন মিয়া, সাধারণ সম্পাদক দুলাল বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, মোহাম্মদ শাসুল আলম রানা, লায়ন মিনহাজুর রহমান, সাজু তালুকদার, লায়ন ফরহাদ মোস্তফা, মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ আলম, মোহাম্মদ ওসমান ও আব্দুল মান্নান।

উপস্থিত নেতারা চমেক হাসপাতালের সেবার মান বাড়াতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।