
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, সকাল ০৮:৪৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসের যাত্রীদের একটি দ্রুতগতির লরি চাপা দিয়েছে। এতে এক শিশু ও এক নারীসহ মোট ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মহাসড়কের বড় কুমিরা এলাকায় ‘কিং অব কুমিরা কনভেনশন হল’-এর দক্ষিণ পাশে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসটিতে পথিমধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে চালক বাসটি মহাসড়কের পাশে থামিয়ে মেরামতের কাজ করছিলেন। এ সময় গাড়ির ভেতরে থাকা যাত্রীরা নেমে সড়কের পাশে দাঁড়িয়ে অবস্থান করছিলেন। হঠাৎ ঢাকামুখী একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের সজোড়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন থেকে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৫ জনে।
নিহতদের মধ্যে নেত্রকোনার ৬ বছর বয়সী শিশু ইব্রাহিম ও স্বপ্না নামের এক নারীর পরিচয় শনাক্ত করা গেছে। বাকি নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এছাড়া আহত ৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, বাসটি যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশে দাঁড় করানো ছিল এবং যাত্রীরা নিচে নেমে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই দ্রুতগতির লরিটি তাদের চাপা দেয়।
পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন ও লরিটিকে শনাক্ত করার পাশাপাশি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।