অদম্য শিফার পাশে ইউএনও: আর্থিক অনুদান ও শিক্ষা সহায়তা প্রদান

মো: খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া অদম্য এক শিক্ষার্থীর নাম ফারহানা আক্তার শিফা। তার এই শিক্ষার প্রতি দারুণ আগ্রহ ও লড়াকু মনোভাবের পাশে দাঁড়িয়েছে লোহাগাড়া উপজেলা প্রশাসন।

উপজেলার চরম্বা ইউনিয়নের কালোয়ার পাড়ার বাসিন্দা ও শারীরিক প্রতিবন্ধী এই শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে নেওয়ার লক্ষ্যে আর্থিক অনুদান ও শিক্ষা সহায়তা প্রদান করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব বায়েজীদ-বিন-আকন্দ।

সম্প্রতি লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ফারহানা আক্তার শিফার হাতে এই অনুদান ও সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।

সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মং এছেন।

অনুদান প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার বায়েজীদ-বিন-আকন্দ বলেন, “শারীরিক কোনো প্রতিবন্ধকতা যে মেধা ও ইচ্ছাশক্তির কাছে হার মানতে পারে, শিফা তার অনন্য উদাহরণ। তার এই অদম্য পথচলায় উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। সে যেন কোনো বাধা ছাড়াই তার এসএসসি পরীক্ষা সম্পন্ন করতে পারে এবং ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

শিক্ষা সহায়তা পেয়ে আবেগাপ্লুত ফারহানা আক্তার শিফা ও তার পরিবার উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই সহযোগিতা তার পরীক্ষার প্রস্তুতি ও ভবিষ্যতের স্বপ্ন পূরণে অনেক বড় অনুপ্রেরণা জোগাবে বলে তারা জানান।