অবসান হচ্ছে দীর্ঘদিনের কষ্টের: আনোয়ারায় প্রবাসীদের সহায়তায় নতুন ঘর পাচ্ছেন অসহায় বৃদ্ধা মধু বুড়ি

মোঃ আব্দুল মোমিন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালগাঁও গ্রামের বাসিন্দা মধু বুড়ির জীবনের দীর্ঘদিনের কষ্ট ও আবাসের অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে। মাথার গোঁজার ঠাঁইহীন এই অসহায় বৃদ্ধার পাশে এসে দাঁড়িয়েছেন দেশের কিছু মানবিক মানুষ, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা এবং ‘শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা’ কমিটির নেতৃবৃন্দ। তাদের আন্তরিক যৌথ সহযোগিতায় এই অসহায় মায়ের মাথার ওপর একটি নিরাপদ আবাসের ব্যবস্থা করা হয়েছে। গত ২০ জুন শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে এই নতুন ঘরের নির্মাণকাজের শুভ সূচনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মধু বুড়ি জীবনের দীর্ঘ সময় একাকী অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ একটি মাটির ঘরে চরম অবহেলা ও কষ্টে বসবাস করে আসছিলেন। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতর পানি পড়ার কারণে এই বৃদ্ধা মহিলাটিকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হতো। নিজের শক্তিতে চলাফেরা করতে না পারা, চোখে ঝাপসা দেখা এবং ঠিকমতো কথা বলতে না পারা এই বৃদ্ধা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছিলেন। এই কঠিন পরিস্থিতিতে তাঁর জীবনের নতুন আশার আলো হিসেবে পাশে এসে দাঁড়িয়েছে জন্মাষ্টমী উদযাপন পরিষদের একটি মানবিক টিম ও কয়েকজন রেমিট্যান্স যোদ্ধা।

এদিকে, বহুদিনের কষ্টের জীবন পেরিয়ে অবশেষে একটি নিরাপদ ও স্থায়ী আশ্রয় পেতে যাওয়ার খুশিতে মধু বুড়ির চোখে দেখা যায় আনন্দ আর কৃতজ্ঞতার অশ্রু।

নতুন ঘরের নির্মাণকাজ উপলক্ষে মাটিতে কোপ মেরে কাজের শুভসূচনা করেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার প্রধান উপদেষ্টা ও সমাজসেবক মিশন দত্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরমেশ চৌধুরী, নির্মল শীল, সুশীল ধর, প্রকাশ সরকার, সভাপতি পলাশ বিশ্বাস, সহ-সভাপতি সাংবাদিক রূপন দত্ত এবং সাংবাদিক কাঞ্চন সুশীলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।