আবদুল মোমিন চট্টগ্রাম,
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের সফল অভিযানে চুরি হওয়া দুই মাসের এক শিশুসন্তানকে উদ্ধারসহ সংঘবদ্ধ শিশু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— নোয়াখালী জেলার সেনবাগ থানার চানপুর এলাকার মোঃ মহরম আলী (৫০) এবং চট্টগ্রাম জেলার মীরসরাই থানার জগদীশপুর এলাকার মোঃ ইব্রাহিম (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ রাজীব (২২) ও তার স্ত্রী রুবি বেগম গত ৩-৪ মাস ধরে নগরীর বিআরটিসি ফলমন্ডী এলাকায় ভাসমান হিসেবে বসবাস করে আসছেন। গত ৩ অক্টোবর ভোরে ২ মাসের শিশুপুত্র মোহাম্মদ হোসাইনকে নিয়ে তারা ফুটপাতে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে জেগে তারা দেখেন সন্তান পাশে নেই। পরে ভুক্তভোগী কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ জানান।
অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল তদন্ত শুরু করে। গত ৭ অক্টোবর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়েতলী থানার ৩ নম্বর রেলগেট বলুয়ারদিঘীর উত্তর পাড় এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, চুরির পর শিশুটিকে ইব্রাহিমের হেফাজতে রাখা হয়েছিল।
এ বিষয়ে গ্রেপ্তারকৃত আসামিসহ জড়িত অন্যান্য অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা রুজু করা হয়েছে (মামলা নং-২৭, তারিখ-০৮/১০/২০২৬)। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।