পটিয়ায় মহাসড়কে অবৈধ হাইড্রোলিক হর্ণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ৬ হাজার টাকা জরিমানা ও হর্ণ জব্দ

মো: খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় পরিবেশ দূষণ রোধ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে দুটি বাসকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ৪টি অবৈধ হর্ণ জব্দ করা হয়েছে।

অদ্য ২৩ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ (বৃহস্পতিবার) পটিয়া বাইপাস এলাকা সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন পটিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রয়া ত্রিপুরা এবং পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে নিয়মের তোয়াক্কা না করে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় দুটি বাসের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয়। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬,০০০/- (ছয় হাজার) টাকা জরিমানা ধার্য করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি বাসগুলো থেকে মোট ০৪ টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় পটিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং পটিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শব্দদূষণ রোধ এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।