নিজস্ব প্রতিবেদক | ২০ জুলাই, ২০২৬
চট্টগ্রাম: পাহাড়তলী এলাকায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় যুবদল ও সচেতন যুবসমাজ। আজ সোমবার (২০ জুলাই) রাত ১টা ৪৫ মিনিটে পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেট এলাকার আব্দুল বারেক রোডের নুর ভবনের সামনে থেকে তাদের হাতেনাতে ধরা হয়।
আটককৃতদের পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন পাহাড়তলী থানা যুবদলের নেতা এবং মাদকবিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেন ও স্থানীয় যুবদল নেতৃবৃন্দ।
ঘটনাস্থলে উপস্থিত থেকে মাদকবিরোধী অভিযানের নেতৃত্বদানকারী আনোয়ার হোসেন বলেন, “পাহাড়তলী এলাকাকে মাদকমুক্ত করা আমাদের অঙ্গীকার। যতদিন পর্যন্ত এই এলাকায় মাদক ব্যবসা সমূলে বন্ধ না হবে, ততদিন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গড়াই আমাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ মোতাবেক প্রতিটি পাড়া-মহল্লায় যুবদলের নেতৃত্বে মাদকবিরোধী এই ধারাবাহিক অভিযান চলমান থাকবে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
অভিযান শেষে আটক মাদক ব্যবসায়ীদের পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আফসারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয় যুবসমাজের পক্ষ থেকে এই অভিযানকে স্বাগত জানানো হয় এবং মাদক নির্মূলে নিয়মিত নজরদারি বজায় রাখার আহ্বান জানানো হয়।