বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

মো: এরশাদ চট্টগ্রাম

বান্দরবান সদর হাসপাতালের সম্প্রসারিত ভবনের নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন— মো. সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তারা উভয়েই ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালের দিকে বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করছিলেন সাকিব ও কামরুল হাসান। কাজ করার একপর্যায়ে ভবনের একদম পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মূল লাইনের প্রধান তারের সঙ্গে একটি লোহার অ্যাঙ্গেলের অসাবধানতাবশত সংস্পর্শ লেগে যায়। এতে তারা দুজনেই তাৎক্ষণিকভাবে তীব্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতাল প্রাঙ্গণে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।