বায়েজিদ বোস্তামীতে অস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার ২

মোঃ আব্দুল মোমিন, চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ২৬ জুন (শুক্রবার) রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন কামরাবাদ এলাকার আতুরার ডিপো থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার পূর্ব শহীদনগর এলাকার মো. সুমন মিয়ার ছেলে মো. তৌহিদুল ইসলাম সামির (২২) এবং কুমিল্লার মুরাদনগর থানার যাত্রাপুর গ্রামের মোহাম্মদ আলমের ছেলে মো. আলমগীর হোসেন সজীব (২০)। বর্তমানে তারা বায়েজিদ বোস্তামী এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপনের নির্দেশনায় এবং বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিমের নেতৃত্বে এসআই পুলক চন্দ্র মন্ডলসহ পুলিশের একটি দল ২৬ জুন রাত সাড়ে ৮টার দিকে কামরাবাদ এলাকায় স্পেশাল ডিউটি পালন করছিলেন। এ সময় সৈয়দ কোম্পানির বিল্ডিংয়ের নিচতলায় মেসার্স রাইসা স্টোরের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ওই দুই যুবক পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে একটি লোহার তৈরি দেশীয় শর্টগান এবং ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।