স্টাফ রিপোর্টার, লোহাগাড়া:

চট্টগ্রামের লোহাগাড়ায় জুলাই-আগস্টের একাধিক মামলার পলাতক আসামি এবং চরম্বা ইউনিয়ন আওয়ামী তাঁতী লীগের সভাপতি হেলাল উদ্দিন ওরফে হেলাল মলইকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।

রোববার (৭ জুন) দুপুরে লোহাগাড়া বটতলী শহরের বিমান বিল্ডিং এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হেলাল উদ্দিন বিগত আওয়ামী সরকারের বিনা ভোটের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রোববার দুপুরে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডের সাথে একটি রুদ্ধদ্বার বৈঠক শেষে বের হওয়ার পর স্থানীয় জনতা তাকে চিনে ফেলে। এরপর বিক্ষুব্ধ জনতা তাকে অবরুদ্ধ করে গণধোলাই দেয় এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, আবু রেজা নদভীর প্রধান সহযোগী বা ‘ডান হাত’ হওয়ার সুবাদে এলাকায় ব্যাপক ক্ষমতার দাপট দেখাতেন হেলাল মলই। তার ক্ষমতার দাপটে চরম্বা ইউনিয়নসহ পুরো লোহাগাড়ার বহু আলেম-ওলামা এবং সাধারণ মানুষ মিথ্যা মামলা ও নানামুখী হয়রানির শিকার হয়েছেন। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে জুলাই-আগস্টের সহিংসতা ও হামলার ঘটনায় অন্তত ৩টি মামলা রয়েছে বলে জানা গেছে।

লোহাগাড়া থানা পুলিশ জানিয়েছে, আটক হেলাল উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।