চট্টগ্রামে শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভা, গ্রেপ্তার ২

কাজী প্রিয়া আক্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে এক গোপন মতবিনিময় সভা করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। তবে সভার ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠনটির দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে এই গোপন সভার আয়োজন করা হয়। পরে শুক্রবার (৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফটিকছড়িতে শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে এই মতবিনিময় সভার আয়োজন করে। সভার খবর পাওয়ার পরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছানোর আগেই সভার অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করতে সক্ষম হয়।

পরবর্তীতে এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে জড়ো হওয়া ওই সভায় উপস্থিত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এরই মধ্যে রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের পাশাপাশি সভায় উপস্থিত বাকিদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।