পুলিশের ‘নিষ্ক্রিয়তায়’ বেপরোয়া কিশোর গ্যাং লিডার আলমগীর, ক্ষুব্ধ এলাকাবাসী

আবদুল মোবিন চট্টগ্রাম:

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকায় একের পর এক অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে কিশোর গ্যাং লিডার আলমগীর। একাধিক লিখিত অভিযোগ দেওয়ার পরও পুলিশ তাকে গ্রেপ্তার না করায় তার দাপট ও অপরাধের মাত্রা কয়েকগুণ বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল ঝর্না পাড়া এলাকায় আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা এই ক্ষোভ প্রকাশ করেন।

প্রতিবাদ সভায় দক্ষিণ পাহাড়তলীর ঝর্না পাড়ার বাসিন্দা মোহাম্মদ শাহজাহান অভিযোগ করে বলেন,

“ডবলমুরিং থানার একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে আলমগীরের সুসম্পর্ক রয়েছে। তার অপরাধের বিস্তারিত তথ্য এবং তার কাছে অবৈধ অস্ত্র থাকার বিষয়টি উল্লেখ করে আমরা পুলিশ কমিশনারের কাছে একাধিক লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু রহস্যজনক কারণে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

ভুক্তভোগীদের দাবি, ঝাউতলা, নালাপাড়া, টাইগারপাস, ঝর্ণাপাড়া ও আমবাগান এলাকায় আলমগীরের নিয়ন্ত্রণে একাধিক কিশোর গ্যাং গ্রুপ সক্রিয় রয়েছে। এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ নানা অপকর্মের মূল হোতা এই আলমগীর।

সভায় বক্তারা আরও একটি গুরুতর অভিযোগ তুলে ধরে বলেন, আলমগীরের বিরুদ্ধে ডবলমুরিং থানা পুলিশকে কোনো তথ্য বা খবর দিলে, পুলিশের ভেতরে থাকা তার সহযোগীদের মাধ্যমে সেই তথ্য সঙ্গে সঙ্গে আলমগীরের কাছে চলে যায়। এতে তথ্যদাতারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পুলিশের এমন ‘নিষ্ক্রিয়তা’ ও তথ্য ফাঁসের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা অবিলম্বে এই কিশোর গ্যাং লিডারকে গ্রেপ্তার এবং তার সহযোগী পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।