মো: সেকান্দার আলম চট্টগ্রাম:
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার ঘটনার জেরে সিএমপির খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। একই সাথে পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এক অফিস আদেশে চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ দুটি থানা—খুলশী ও বাকলিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদে এই রদবদল আনা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার ঘটনা ঘটে। এই ঘটনায় খুলশী থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় সিএমপি কমিশনারের নির্দেশে খুলশী থানার ওসি আরিফুর রহমানকে থানা থেকে প্রত্যাহার করে লাইনে সংযুক্ত করা হয়।
একই আদেশে বাকলিয়া ও খুলশী থানায় নতুন কর্মকর্তাদের ওসির দায়িত্ব দিয়ে রদবদল করা হয়েছে। সিএমপি সদর দপ্তর থেকে জানানো হয়েছে, প্রশাসনিক গতিশীলতা রক্ষা এবং জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।