বরিশালে ১০০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক

মোঃ আব্দুল মোমিন চট্টগ্রাম

বরিশাল মহাসড়কের নগরীর কলেজ গেট এলাকা থেকে ১০০০ পিস ইয়াবাসহ জাহিদা বেগম (২০) নামে এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ জুন) ভোর রাতে ঢাকা থেকে পটুয়াখালীগামী ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
​আটক জাহিদা বেগম কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী (আরাকান) নয়াপাড়া ক্যাম্পের এস-ব্লকের বাসিন্দা মোহাম্মদ তাহেরের মেয়ে।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সুমন চক্রবর্ত্তী আইচের নেতৃত্বে পুলিশের একটি টিম কলেজ গেট এলাকার জল কাদের মোল্লার মসজিদের সামনে অবস্থান নেয়। ভোর রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা থেকে পটুয়াখালীগামী মামুন পরিবহনের বাসটি সেখানে পৌঁছালে পুলিশ সেটিতে তল্লাশি চালায়। এ সময় জাহিদা বেগমের কাছ থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
​এই বিষয়ে এয়ারপোর্ট থানার পরিদর্শক সুমন চক্রবর্ত্তী আইচ জানান, আটক তরুণীর বিরুদ্ধে এসআই আল-আমিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। রোববার বিকেলে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।